Sunday, November 8

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী দেশে ৯ মাস বয়সে হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। কিন্তু লক্ষ্য অনুযায়ী ৯৫ শতাংশ শিশু টিকার আওতায় আসার কথা থাকলেও বাস্তবে তা পূরণ হয়নি। ২০২৩ সালের ইপিআই মূল্যায়ন অনুযায়ী, টিকা পেয়েছে প্রায় ৮২ শতাংশ শিশু—অর্থাৎ প্রতিবছর প্রায় ১৮ শতাংশ শিশু টিকাবঞ্চিত থেকে যাচ্ছে।

ইউনিসেফ ও প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল আলোচনায় ইউনিসেফের স্বাস্থ্য ব্যবস্থাপক রিয়াদ মাহমুদ জানান, হামে আক্রান্ত শিশুদের ৮৫ শতাংশই পাঁচ বছরের কম বয়সী। তাদের মধ্যে ৬৫ শতাংশ কোনো টিকাই নেয়নি এবং ২১ শতাংশ আংশিক টিকাপ্রাপ্ত।

বিশেষজ্ঞদের মতে, টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা যদি এক বছরের জন্ম নেওয়া শিশুর সংখ্যার কাছাকাছি পৌঁছায়, তাহলে হামের মতো রোগের বড় প্রাদুর্ভাব দেখা দেয়।

নিয়মিত ক্যাম্পেইনের মাধ্যমে টিকাবঞ্চিত শিশুদের টিকার আওতায় আনার কথা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে এই কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। সর্বশেষ বড় ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে, যা শেষ হয় ২০২১ সালের জানুয়ারিতে। এরপর নতুন ক্যাম্পেইন বারবার পিছিয়েছে—২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু করে সেপ্টেম্বর, পরে আবার নির্বাচনসহ নানা কারণে আরও বিলম্ব হয়। অবশেষে চলতি বছরের ২০ এপ্রিল ক্যাম্পেইন শুরু হলেও এর আগেই দেশে হাম ছড়িয়ে পড়ে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, “মায়ের বুকের দুধ খাওয়ানো, ভিটামিন এ ক্যাম্পেইন, কৃমিনাশক—সব ক্ষেত্রেই অবহেলা হয়েছে। ফলে শিশুরা অপুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিতে পড়েছে, আর সময়মতো টিকা না পেয়ে তারা আরও ঝুঁকিতে গেছে।”

এদিকে শিশুদের ভিটামিন এ পাওয়ার বিষয়েও ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আবিদ হোসেন মোল্লা বলেন, ভিটামিন এ শুধু চোখের জন্য নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ঘাটতি রাতকানা রোগসহ নানা জটিলতা সৃষ্টি করতে পারে।

অন্যদিকে সরকারের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মো. ইউনুস আলী জানান, সর্বশেষ ভিটামিন এ ক্যাম্পেইন হয়েছিল ২০২৫ সালের মার্চে, কিন্তু পরবর্তী ক্যাম্পেইন নির্ধারিত সময়ে না হওয়ায় তা পিছিয়ে গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান ও পুষ্টি কার্যক্রমে এই ধারাবাহিক ঘাটতির কারণে দেশে হামের মতো প্রতিরোধযোগ্য রোগ আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে এবং শিশু মৃত্যুঝুঁকি তৈরি করছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 8