Sunday, November 8

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বেসরকারি পরিবহন কোম্পানির কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে এসব টিকিট পাওয়া যাচ্ছে।

পরিবহন প্রতিষ্ঠানগুলো তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে।

শ্যামলী এন.আর. ট্রাভেলস জানিয়েছে, ঢাকা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া ও মেহেরপুরসহ বিভিন্ন রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

যাত্রীরা কল্যাণপুর, খাজা মার্কেট, বিজিএমইএ, আসাদগেট ও শ্যামলী হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে অরিন ট্রাভেলস সকাল ৭টা থেকে কল্যাণপুর ও গাবতলী কাউন্টার থেকে গাইবান্ধা, জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের টিকিট বিক্রি শুরু করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইনে টিকিট কাটা যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পয়েন্ট থেকেই বাসে উঠতে হবে। এছাড়া ২৪ মে থেকে যানজট এড়াতে বাসগুলো ধামরাই-কালামপুর হয়ে চলাচল করবে এবং বিশমাইল কাউন্টার হবে শেষ বোর্ডিং পয়েন্ট। মোবাইল ফোনে টিকিট বুকিং নেওয়া হবে না বলেও জানিয়েছে তারা।

হানিফ এন্টারপ্রাইজ ভোর সাড়ে ৬টা থেকে বালুরমাঠ, খালেক সিটি, কল্যাণপুর ও শ্যামলী কাউন্টারে একযোগে টিকিট বিক্রি শুরু করেছে। কাউন্টার ও অনলাইন—উভয় মাধ্যমেই টিকিট পাওয়া যাচ্ছে।

এদিকে গ্রীন লাইন পরিবহন জানিয়েছে, ঈদের টিকিট কোনো অবস্থাতেই ফেরত, পরিবর্তন বা রিফান্ড করা হবে না। যাত্রীদের টিকিট কাটার সময় তারিখ ও সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। অনলাইনে টিকিট কিনলে প্রিন্ট কপি সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড-ও জানিয়েছে, তাদের সব রুটের অগ্রিম টিকিট এখন ওয়েবসাইট ও নির্ধারিত কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অনলাইন ও কাউন্টার—উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 1