Sunday, November 8

হরমুজ প্রণালি-তে চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দুই পক্ষই। তবে পরে উভয় দেশই জানিয়েছে, বর্তমানে প্রণালিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী জানায়, হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের দুটি জাহাজকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নৌবাহিনী গোলা নিক্ষেপ করে। এতে একটি ট্যাংকার ও একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়।

ইরানের দাবি অনুযায়ী, একই দিনে পারস্য উপসাগরের কেশম দ্বীপ এবং খামির-সিরিক সমুদ্র বন্দরে মার্কিন বিমান হামলাও চালানো হয়। এর জবাবে ইরান হরমুজ প্রণালি ও চাবাহার বন্দরের কাছে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানায় দেশটির প্রতিরক্ষা সদরদপ্তর খাতাম আল-আনবিয়া সদরদপ্তর।

ইরান দাবি করেছে, তাদের হামলায় মার্কিন নৌবাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জানায়, ইরান প্রথমে হরমুজে টহলরত মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, যার মাধ্যমেই উত্তেজনার সূচনা হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া বিবৃতিতে ইরানের দাবি প্রত্যাখ্যান করে জানায়, তাদের তিনটি ডেস্ট্রয়ার জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্পিডবোট ব্যবহার করে হামলার চেষ্টা করা হয়েছিল, তবে কোনো মার্কিন সম্পদের ক্ষতি হয়নি।

ঘটনার কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, হরমুজ প্রণালি ও উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এর আগে চলমান যুদ্ধবিরতির সময়েও একাধিকবার উত্তেজনা দেখা দেয়। সোমবারের ঘটনায়ও ইরানের কয়েকটি স্পিডবোট ধ্বংস করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র, যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানা যায়।

Leave A Reply


Math Captcha
18 − 9 =