Sunday, November 8

মদন উপজেলা-য় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তার-কে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

জিডিতে ডা. সায়মা আক্তার উল্লেখ করেন, তিনি উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। গত ৩০ এপ্রিল এক রোগী শারীরিক সমস্যার কথা জানালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি জানতে পারেন, শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

তিনি জানান, বিষয়টি জানতে চাইলে ভুক্তভোগী শিশুটি অভিযোগ করে, তার মাদরাসার হুজুর জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছেন।

পরে ঘটনাটি প্রকাশ্যে এলে একটি টেলিভিশন চ্যানেল তার কাছে ভুক্তভোগীর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চায়। তিনি চিকিৎসাসংক্রান্ত তথ্য জানান। সেই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর থেকেই বিভিন্ন ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে গালিগালাজ, হত্যার হুমকি এবং গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।

ডা. সায়মা আক্তার আরও বলেন, তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন।

চিকিৎসকের পরিবারের সদস্যরা জিডির বিষয়টি নিশ্চিত করলেও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যেসব আইডি থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করা হলেও বেশিরভাগ আইডি ডিলিট বা ডিজেবল অবস্থায় পাওয়া গেছে।

এ বিষয়ে ওসি তরিকুল ইসলাম বলেন, “ওই নারী চিকিৎসক দুপুরের দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তার নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।”

উল্লেখ্য, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগর-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসসিনা ইসলাম পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ১০ মে বিকেলে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
3 + = 13