ঢাকার উত্তরা-য় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বাংলাদেশ বিমান বাহিনী-র প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-সহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম-এর আদালত মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন।
এর আগে সকালে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মা-র বাবা উসাইমং মারমা আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ এনে মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।
মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয় তারা হলেন— এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, উপদেষ্টা কর্ণেল (অব.) নূরনবী, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, প্রিন্সিপাল (স্কুল শাখা) রিফাত নবী, রাজউক-এর চেয়ারম্যান, ফিল্ড সুপারভাইজার (উত্তরা), শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ডা. রিজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী-র একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এর একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন-ত্রুটিকে চিহ্নিত করেছে।

