ঢাকা, ৭ মে: জুলাই গণঅভ্যুত্থানে ফেনী-তে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান এবং একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চান। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আবেদনও করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করা হয়েছে।
এর আগে বিকেলে পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করে। গত ৭ এপ্রিল তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় এতদিন তাকে হাজির করা সম্ভব হয়নি।

