Sunday, November 8

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ জুন দিন ধার্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ইসতিয়াক আহমেদ। তিনি জানান, আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন এবং আসামিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে।

মামলার অন্য দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশারফ হোসেন।

গত ১৯ এপ্রিল আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার (৫ মে) মামলার অভিযোগ গঠনের শুনানির দিন তোফায়েল আহমেদের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে জানান, তার মক্কেল গুরুতর অসুস্থ এবং স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, তোফায়েল আহমেদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং তিনি কাউকে চিনতে পারেন না। ফলে আদালতে উপস্থিত হয়ে বিচার কার্যক্রমে অংশ নেওয়ার মতো শারীরিক ও মানসিক সক্ষমতা তার নেই।

আইনজীবী তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন জানান। তবে দুদকের পক্ষ থেকে এ আবেদনের বিরোধিতা করা হয়। দুদকের আইনজীবী আরিফুল ইসলাম বলেন, পলাতক অবস্থায় এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয় এবং আসামিকে আদালতে হাজির হয়েই আবেদন করতে হবে।

মামলার এজাহারে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন করতে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এই অর্থ স্থানান্তর করা হয়।

২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।

Leave A Reply


Math Captcha
42 − = 40