আইপিএলের চলতি মৌসুমে বড় রান তাড়া ও বড় স্কোর রক্ষার শক্ত দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসল সানরাইজার্স হায়দরাবাদ। বুধবারের ম্যাচে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০২ রানে থেমে যায় পাঞ্জাব কিংস, ফলে ৩৩ রানের ব্যবধানে জয় পায় হায়দরাবাদ।
ম্যাচে আলো ছড়ান অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার কুপার কনলি। তিনি ৫৯ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেন। এটি আইপিএলে তার প্রথম সেঞ্চুরি এবং ২২ বছর ২৫৭ দিন বয়সে তিনি হন টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ বিদেশি সেঞ্চুরিয়ান। তবে তার এই রেকর্ড গড়া ইনিংস দলের জয় এনে দিতে পারেনি।
হায়দরাবাদের ইনিংসে শুরুটা ছিল বিধ্বংসী। ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা দ্রুত রান তুললেও বড় ইনিংস খেলতে পারেননি। এরপর ইশান কিশান ও হেনরিখ ক্লাসেন ৮৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত দেন। ইশান করেন ৫৫ রান এবং ক্লাসেন করেন ৬৯ রান। নীতিশ কুমার রেড্ডি করেন দ্রুত ২৯ রান।
জবাবে পাঞ্জাব শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। অধিনায়ক শ্রেয়াস আইয়ার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একসময় ১১৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় দলটি।
শেষদিকে কুপার কনলি একাই লড়াই চালিয়ে যান এবং ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টানেন। তিনি ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মারেন। তবে অন্য প্রান্তে পর্যাপ্ত সঙ্গ না পাওয়ায় পাঞ্জাব থামে ২০২ রানে।
হায়দরাবাদের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স ও শিবম শর্মা।
এই জয়ের মাধ্যমে হায়দরাবাদ আরও একবার প্রমাণ করল, ২২০ রানের বেশি স্কোর রক্ষায় তারা এখনো অপ্রতিরোধ্য।

