Sunday, November 8

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ (বৃহস্পতিবার, ৭ মে) আদেশ দেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ ঘোষণা হওয়ার কথা রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার চারজন হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

গত ২৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। এরপর আজকের দিন আদেশের জন্য ধার্য করা হয়।

শুনানিতে প্রসিকিউশন দাবি করে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের সম্পৃক্ততার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। সাবেক মেয়র তাপসের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপের প্রসঙ্গ এবং ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপনের কথাও জানানো হয়।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এ ধরনের অপরাধের জন্য পৃথক আইন রয়েছে।

Leave A Reply


Math Captcha
24 − = 15