Sunday, November 8

নাম-পরিচয় পরিবর্তন করে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক মাদক কারবারি। শুধু আত্মগোপনই নয়, ছদ্মনামে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে টানা দুবার ইউপি সদস্য (মেম্বার) হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।

বুধবার (৬ মে) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-৩-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির প্রকৃত নাম আবুল কালাম আজাদ। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আমবাগান এলাকার আফেজ উদ্দীন আকনের ছেলে। তবে আত্মগোপনে থাকা এলাকায় তিনি ‘কালাম আকন’ নামেই পরিচিত ছিলেন।

র‍্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, ২০০৮ সালে ঢাকার সবুজবাগ থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় থেকেই তিনি পলাতক ছিলেন।

পরে নিজ এলাকা ছেড়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া গ্রামে গিয়ে আশ্রয় নেন তিনি। সেখানে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম পরিবর্তন করে ‘মো. কালাম আকন’ নামে পরিচয় গোপন রেখে বসবাস শুরু করেন। এভাবেই প্রায় ১৮ বছর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছিলেন।

ছদ্মনাম ব্যবহার করেই তিনি নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে টানা দুবার ইউপি সদস্য নির্বাচিত হন বলেও জানিয়েছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন ছদ্মনামে থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

Leave A Reply


Math Captcha
61 − 52 =