Sunday, November 8

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সীমান্ত এলাকায় বন্যহাতির আক্রমণে পার্থো রাংসা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পার্থো রাংসা ওই এলাকার বাসিন্দা লিপসন নকরেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ভারত সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ১৫-২০টি বন্যহাতির একটি দল ভবানীপুর এলাকায় অবস্থান করছিল। ধানক্ষেতে নেমে ফসল নষ্ট করার চেষ্টা করলে স্থানীয়রা হাতির দলকে তাড়িয়ে দেয়। পরে হাতিগুলো আশপাশের টিলায় অবস্থান নেয়।

মঙ্গলবার রাতে আবারও ধানক্ষেতে নামে হাতির দল। ফসল রক্ষায় পার্থো রাংসা টর্চলাইট ও মশাল নিয়ে হাতি তাড়াতে যান। এ সময় হাতির দল কৃষকদের ধাওয়া করলে একটি হাতি তাকে পায়ে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই বন্যহাতির উপদ্রব দেখা যায়, বিশেষ করে ধান কাটার মৌসুমে। গত এক মাস ধরে এ সমস্যা আরও বেড়েছে।

বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামানিক জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং নিহতের পরিবারের জন্য সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave A Reply


Math Captcha
39 − = 37