সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ শিশুর।
বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ৬৫৪ শিশু।
গত ১৫ মার্চ থেকে ৬ মে সকাল ৮টা পর্যন্ত দেড় মাসের বেশি সময়ে দেশে মোট ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৮ শিশু।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ হাজার ২৬০ জন।
আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে এখন পর্যন্ত ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৫৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।

