Sunday, November 8

কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় নিখোঁজ হওয়ার পর এক বৃদ্ধাকে বাড়ির পাশের তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা গেছে। পরে তিনি হঠাৎ গাছ থেকে লাফ দিয়ে পাশের পুকুরে পড়েন।

বুধবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে। গাছের মগডালে উঠে বসে থাকা ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের চূড়ায় তাকে দেখতে পান এলাকাবাসী। সেখানে তিনি কখনো বসে, আবার কখনো শুয়ে ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের আপত্তির কারণে তারা তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (অ.দা) এনামুল হক।

এ সময় হঠাৎ করেই গাছ থেকে লাফ দিয়ে পাশের পুকুরে পড়ে যান সাজেদা বেগম। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়।

ঘটনার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

Leave A Reply


Math Captcha
7 + 1 =