Sunday, November 8

মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর উপজেলা এলাকায় স্কুল শিক্ষার্থীদের উত্যক্তের প্রতিবাদকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি মোটরসাইকেলে আগুন দেয় এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় বজ্রযোগিনী এলাকার বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়–এর সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ফাহিম শেখ (২২) নামের এক যুবক গুরুতর আহত হন। তিনি ওই এলাকার দেলোয়ার শেখের ছেলে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি রাখা হয়েছে।

পুলিশ জানায়, পাশের রামশিং এলাকা থেকে আসা কয়েকজন যুবক স্কুলের সামনে শিক্ষার্থীদের উত্যক্ত করলে ফাহিম তাদের বাধা দেন। এতে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে বিকেল ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

অভিযোগ রয়েছে, এ সময় মুন্না ভূঁইয়া ও আপন ভূঁইয়াসহ কয়েকজন ফাহিম শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে অভিযুক্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ওই মোটরসাইকেল দুটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন এমরান বলেন, মূলত দুই গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে বিচার সালিশির কথা বলে ডেকে এনে ফাহিমকে হামলা করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Leave A Reply


Math Captcha
8 + 2 =