দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১-এ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১৫ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। বাকি দুই শিশুর মৃত্যু সরাসরি হামজনিত বলে নিশ্চিত করা হয়েছে। মোট মৃত্যুর মধ্যে এখন পর্যন্ত ২৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৫২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর মধ্যে ১২টি শিশু ঢাকা বিভাগে এবং ৫টি শিশু চট্টগ্রাম বিভাগে মারা গেছে। তবে ২৪ ঘণ্টার হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত ১৫টি উপসর্গজনিত মৃত্যুর মধ্যে ২টি ঘটনা আগের দিনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে—৬১৮ জন। এরপর চট্টগ্রামে ১৯২, রাজশাহীতে ১৬৮ এবং বরিশালে ১৩৩ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে দেশের আটটি বিভাগে মোট ১ হাজার ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৬১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

