Sunday, November 8

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় নকল সরবরাহের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্র এ ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা হলেন—মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাতপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাজেদুল হক, বাহাগিলী ডিএস দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ এবং তরিকুল ইসলাম নামে এক পরীক্ষার্থী।

আটক দুজন হলেন—মাগুড়া ইউনিয়নের শাকিল মিয়া (৩৪) ও জলঢাকা উপজেলার লিমন ইসলাম (২১)।

জানা গেছে, মাদরাসা বোর্ডের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীকে জানালা দিয়ে নকল সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিষয়টি ধরা পড়ে। এ সময় নকল সরবরাহকারী দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় পরীক্ষার্থীকে নকল করার দায়ে এবং সংশ্লিষ্ট তিন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে বহিষ্কার করা হয়। পাশাপাশি তাদের তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1