ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আজ গেজেট আকারে প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফলে আজ রোববার রাতে অন্য ৪৯ জনের সঙ্গে তার শপথ নেওয়াও হচ্ছে না।
রোববার (৩ মে) Election Commission Bangladesh ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে এই বিলম্ব হচ্ছে বলে জানান কমিশনার।
তিনি বলেন, সাধারণত মনোনয়ন বৈধ ঘোষণার পরদিন গেজেট প্রকাশ করা হয়। তবে আপিল ও মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময় দিতে হয়, যার কারণে আজ গেজেট প্রকাশ করা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার গেজেট প্রকাশ হতে পারে।
এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আজ রাত ৯টায় তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।
এদিকে এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের করা রিট এই প্রক্রিয়ায় প্রভাব ফেলছে বলে জানিয়েছেন কমিশনার। বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তিনি আরও বলেন, গেজেট প্রকাশের পর আদালত ভিন্ন কোনো নির্দেশনা দিলে আইন অনুযায়ী তা বাতিলও হতে পারে। সে ক্ষেত্রে প্রার্থীর সংখ্যা বাড়লে সংশ্লিষ্ট জোট ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে।
আপাতত আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

