Sunday, November 8

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চলতি বছর হজযাত্রীরা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থাপনায় হজে যেতে পারছেন।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় জামালপুরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এবার হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং ভবিষ্যতে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “হাজীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজে যান। তাদের যাত্রা আরও সহজ করতে আমরা ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। আগে নুসুক কার্ড ও আইডি সংগ্রহ করতে ৮ থেকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন এসব কার্ড বাংলাদেশ থেকেই দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়াও দেশেই সম্পন্ন করা হচ্ছে, যাতে সৌদি আরবে গিয়ে হজযাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে না হয় এবং তারা বিমান থেকে নেমেই সরাসরি গন্তব্যে যেতে পারেন।

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ সংক্রান্ত সমস্যাও অনেকটাই কমেছে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের অভিযোগ এখন আর পাওয়া যাচ্ছে না।”

প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে। এছাড়া ১৪টি নতুন বিমান কেনার জন্য ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং আরও বিমান বহরে যুক্ত হবে। এর মাধ্যমে বাংলাদেশ বিমান আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উদ্বোধনী ম্যাচে মেলান্দহ ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে মাদারগঞ্জ ফুটবল দল জয়লাভ করে।

Leave A Reply


Math Captcha
+ 86 = 93