নিজস্ব প্রতিবেদক, নাটোর:
টানা দুই দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে নাটোরের সিংড়ায় চলনবিল অঞ্চলে বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় ২৬ হাজার হেক্টর জমির ধান বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই নদীর পানি পাঁচটি প্রধান খাল দিয়ে চলনবিলে প্রবেশ করতে শুরু করায় পরিস্থিতির অবনতি হয়েছে। পাকা ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন দুর্যোগের শঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় জানায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে টানা বৃষ্টিতে নিচু জমির ধান পানিতে ডুবতে শুরু করে। এর মধ্যে উত্তর ভারত থেকে নেমে আসা আত্রাই নদীর ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
নদীর পানি সিংড়ার জোড়মল্লিকা, সারদানগর-হুলহুলিয়া, কতুয়াবাড়ি, রাখালগাছা এবং পৌর শ্মশানঘাট খাল দিয়ে বিলে ঢুকছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, “এ মৌসুমে উপজেলায় ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। বাকি প্রায় ২৬ হাজার হেক্টর জমির ধান কাটতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে। এর মধ্যেই ঢল নেমে এসেছে।”
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে নিয়ে খালগুলোর মুখে অস্থায়ী মাটির বাঁধ নির্মাণ করছেন।
তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নদীর পানি বাড়তে থাকলে এবং বৃষ্টি অব্যাহত থাকলে এসব অস্থায়ী বাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে। এতে ব্যাপক ফসলহানির ঝুঁকি রয়েছে।

