নিজস্ব প্রতিবেদক:
দেশের ১৩টি অঞ্চলে কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া আরেক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতায় জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮ মিমির বেশি) বর্ষণ হতে পারে। এতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

