Sunday, November 8

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতা। শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা রামগড় থানার দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। মামলাগুলোর একটি ২০২৩ সালের এবং অন্যটি ২০২৪ সালের।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্টুরামটিলা এলাকায় এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই তিনজন রামগড়ে আসেন। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তারা নিজ নিজ বাসায় ফিরে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে দুটি মামলায় পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
42 − 35 =