Sunday, November 8

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাই খুন হয়েছেন বড় ভাইয়ের হাতে।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন। তারা উভয়েই টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা দেলু ফকিরের ছেলে।

ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে নয়নের মরদেহ দেখিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে। পরে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন প্রায় ১২ বছর ধরে ইতালিতে অবস্থান করছিলেন। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়নও সেখানে যান। পারিবারিক বিরোধ, বিশেষ করে বৈবাহিক সম্পর্ক নিয়ে মতবিরোধের জের ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, “পারিবারিক দ্বন্দ্বে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই নিহত হওয়ার বিষয়টি আমরা জেনেছি।”

Leave A Reply


Math Captcha
+ 85 = 86