Sunday, November 8

ঢাকা, ১ মে — শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেট স্কয়ারে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে জীবন দেওয়া শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

নাহিদ ইসলাম বলেন, সেই ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়েই শ্রমিক অধিকারের ভিত্তি তৈরি হলেও বাংলাদেশে মে দিবস এখনো অনেকাংশে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ। ব্যানার, বক্তব্য ও আলোচনা থাকলেও শ্রমজীবী মানুষের বাস্তব জীবনমানের উন্নতি খুবই সীমিত।

তিনি অভিযোগ করেন, অতীতে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা দমন-পীড়নের শিকার হয়েছেন। শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়া দীর্ঘদিন পরও রানা প্লাজা দুর্ঘটনার বিচার সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমজীবী মানুষ সক্রিয় ভূমিকা রেখেছিল এবং পরিবর্তনের আশায় আন্দোলনে অংশ নিয়েছিল। তবে সেই প্রত্যাশা অনুযায়ী বৈষম্য দূর হয়নি বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের অঙ্গীকার— একটি শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত থাকবে।”

Leave A Reply


Math Captcha
10 + = 16