জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ‘টেনশন না করতে’ বলা দুই পুলিশ কনস্টেবলকে নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে কর্মরত কনস্টেবল মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
ট্রাইব্যুনালের ভাষ্য অনুযায়ী, ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার সময় ওই দুই কনস্টেবল তার সঙ্গে শৃঙ্খলাবহির্ভূত আলাপ করেন। ধারণকৃত ভিডিও ফুটেজে তাদের এই আচরণ দৃশ্যমান হয়েছে, যা ট্রাইব্যুনালের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমের জন্য হুমকি সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এজলাস থেকে ইনুকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যদের বলতে শোনা যায়, “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।”
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে ইনুর বিচার চলছে। বুধবার ষষ্ঠ দিনের মতো তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

