নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর বরিশাল মহানগরের ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখ বাবার মৃত্যুর পরও প্যারোলে মুক্তি পাননি। ফলে কারাগারের জেলগেটেই বাবার মরদেহ এনে শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শাহরুখের বাবার মরদেহ বরিশাল কেন্দ্রীয় কারাগার-এর জেলগেটে নেওয়া হলে সেখানে বাবা-ছেলের শেষ দেখা হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। জানা গেছে, গত শুক্রবার রাতে নগরীর নিউ সার্কুলার রোড এলাকায় নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
শাহরুখের স্বজনদের দাবি, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হলেও রাজনৈতিক মামলার কারণে তা অনুমোদন পায়নি। পরে কর্তৃপক্ষ জেলগেটে সাক্ষাতের অনুমতি দেয়।
স্বজনরা জানান, জেলগেটে একসঙ্গে তিনজনের বেশি প্রবেশের অনুমতি না থাকায় মরদেহ বহন করতেও তাদের সমস্যায় পড়তে হয়।
প্যারোলের আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির আবেদন নাকচ করে কর্তৃপক্ষ জেলগেটে সাক্ষাতের অনুমতি দিয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা জানান, আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। পরে তার নির্দেশনায় জেলগেটে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী স্বজনদের জানানো হয়।

