Sunday, November 8

বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্যই সংসদীয় বিধি-বিধান সম্পর্কে যথেষ্ট অবগত নন। কোন ইস্যুতে কীভাবে কথা বলতে হয় বা সংসদে কীভাবে কার্যকরভাবে বক্তব্য রাখতে হয়— সে বিষয়ে তাদের ঘাটতি রয়েছে। সংসদ নেতা তারেক রহমান-এর সান্নিধ্যে বিরোধী সদস্যদের জন্য বিশেষ কর্মশালার আয়োজনের প্রস্তাবও দেন তিনি, যাতে তারা সংসদীয় রীতিনীতি শিখতে পারেন।

বিরোধী শিবিরের সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত একটি দল, যাদের জনগণ কখনও ভোট দিয়ে ক্ষমতায় আনেনি, তাদের হতাশা থাকাটা স্বাভাবিক। তিনি দাবি করেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা সফল হবে না, কারণ ২০২৬ সালের নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি বহু মামলা, কারাবরণ এবং নির্যাতনের শিকার হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট হতে দেওয়া হবে না। বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসা উচিত, অন্যথায় তারা ইতিহাসের অঙ্গনে টিকে থাকতে পারবে না।

Leave A Reply


Math Captcha
8 + = 13