Sunday, November 8

একাত্তরের মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে দিনভর উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, কিছু সময়ের জন্য অধিবেশন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৩তম দিনের কার্যক্রম শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বক্তব্য দিলে বিরোধী দলীয় সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে হট্টগোল শুরু করেন। তিনি বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারে না, করলে তা ‘ডাবল অপরাধ’।

এ বক্তব্যের পর বিরোধী দল ও তাদের শরিকদের সদস্যরা একযোগে প্রতিবাদ জানালে সংসদে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার বারবার হস্তক্ষেপ করে সদস্যদের সংযত থাকার আহ্বান জানান এবং সংসদের মর্যাদা রক্ষার কথা স্মরণ করিয়ে দেন।

পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, অন্যের অবদান খাটো করার অধিকার কারও নেই এবং তার বক্তব্য ব্যক্তিগতভাবে আঘাত করেছে।

উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্পিকার বলেন, কোনো অসংসদীয় বক্তব্য থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, সংসদের আচরণে যেন জাতির কাছে নেতিবাচক বার্তা না যায়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে নতুন বিভাজন তৈরি না করার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ দেশের গৌরবের ইতিহাস, এটি নিয়ে বিভেদ না বাড়িয়ে ঐক্য ধরে রাখা জরুরি।

অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য শাজাহান চৌধুরীও বক্তব্য দিয়ে অতীতের ইতিহাস দিয়ে বর্তমান রাজনীতি বিচার না করার আহ্বান জানান। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ বলেন, মুক্তিযুদ্ধের গুরুত্বের সঙ্গে অন্য কোনো আন্দোলনার তুলনা চলে না।

এদিন অধিবেশনে দুর্নীতি, গণভোট, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, সাংবাদিকদের অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাল নোট প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়।

সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৩তম দিনের অধিবেশন মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে ঘিরে তীব্র বিতর্ক ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়।

Leave A Reply


Math Captcha
1 + 3 =