Sunday, November 8

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাজাহান চৌধুরী দাবি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করেছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শাজাহান চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার লক্ষ্যে যে ‘ডাইরেক্ট অ্যাকশন কমিটি’ গঠন করা হয়েছিল, সেখানে জামায়াতে ইসলামী যুক্ত ছিল। তিনি দাবি করেন, ওই কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জোটের একটি সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন আব্দুস সামাদ আজাদ।

তিনি আরও বলেন, আগরতলা মামলা থেকে শেখ মুজিবের মুক্তির আন্দোলনে জামায়াতে ইসলামী শুধু অংশই নেয়নি, বরং আর্থিক সহায়তাও দিয়েছে। তার মতে, জামায়াতের ইতিহাস গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত।

জামায়াতে ইসলামীকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করার সমালোচনা করে তিনি বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে যে দলটি জঙ্গি নয়। তিনি দাবি করেন, অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে মূল্যায়ন করা ঠিক নয়।

সংসদ সদস্য আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী।

তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে কিছুটা আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও তিনি তার অবস্থানে অনড় থাকেন।

Leave A Reply


Math Captcha
+ 67 = 72