জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে একটি পেট্রোল পাম্পে ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটেছে। সোমবার ২৭ এপ্রিল বিকেলে উপজেলার পৌর বাসটার্মিনাল এলাকার লাবনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে লাবনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিতরণ চলছিল। তেল নেওয়ার জন্য প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রাক, মিনিট্রাক ও স্থানীয় কৃষকরা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় এক ব্যক্তি প্লাস্টিকের বোতলে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে থাকা অন্যরা প্রতিবাদ করেন। এতে বাকবিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কিছু লোক ফিলিং স্টেশন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির মালিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গ্রাহকদের মধ্যেই এই ঝামেলার সূত্রপাত হয় এবং কিছু লোক রাস্তার বিপরীত দিক থেকে ঢিল ছুড়েছে। পরিস্থিতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।

