Sunday, November 8

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বিষয়ে আগামী রোববার ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার ২৭ এপ্রিল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।

গত বছরের ৯ মে মধ্যরাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন, যা পরে আপিল বিভাগে স্থগিত হয়ে যায়।

এরপর ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন দেন।

পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানার— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। অন্য মামলাটি সদর মডেল থানায়, যেখানে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।

পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।

এদিকে, এর মধ্যেই আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 55 = 58