Sunday, November 8

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলায় ডিজিএফআই-এর সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ২৭ এপ্রিল এ মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামিকে পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ এপ্রিল এই মামলায় চার দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

গত ৩০ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনকারীরা পৌঁছালে আসামিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বেআইনিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মামা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave A Reply


Math Captcha
5 + 4 =