Sunday, November 8

কুড়িগ্রামের রৌমারী ও চর রাজীবপুর উপজেলায় টানা দুই দিন ধরে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। একই সঙ্গে সড়কে যানবাহন চলাচলও সীমিত হয়ে পড়েছে।

শনিবার ২৫ এপ্রিল থেকে রোববার ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল ও রবি অপারেটরের গ্রাহকরা নেটওয়ার্ক সেবা থেকে বঞ্চিত রয়েছেন।

রৌমারী শহরের বাসিন্দা খলিল মিয়া বলেন, কয়েকদিন ধরে দিন-রাত মিলিয়ে মাত্র এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাও আবার বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এতে তারা কার্যত বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। অন্যদিকে, মাস শেষে বেশি বিল পরিশোধ করতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, প্রায় ১৫ দিন ধরে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়া যাচ্ছে না। ফলে সড়কে যানবাহন চলাচল কমে গেছে এবং যেগুলো চলছে, সেগুলোতে ভাড়া তিনগুণ পর্যন্ত নেওয়া হচ্ছে।

অটোরিকশা চালক মো. আলম মিয়া বলেন, বিদ্যুৎ না থাকায় গাড়ি চার্জ দিতে পারছেন না, ফলে রাস্তায় বের হতে পারছেন না। এতে তার জীবিকা হুমকির মুখে পড়েছে।

এসএসসি পরীক্ষার্থী সুজন মিয়া জানায়, বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পড়াশোনা করতে হচ্ছে এবং পরীক্ষাকেন্দ্রে যেতে যানবাহন সংকটে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে তিন থেকে চার গুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

ব্যবসায়ী আব্দুল জলিল সরকার বলেন, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, এতে ব্যবসায় বড় ধরনের সমস্যা হচ্ছে।

চর শৌলমারী বাজারের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান, টানা প্রায় ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট ও ওয়াইফাই সেবা বন্ধ রয়েছে। ফলে ব্যাংক লেনদেন বন্ধ হয়ে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মো. রাফিউর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহ সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
60 + = 68