Sunday, November 8

চট্টগ্রামের সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর হামলার অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে উপজেলার মদনপুর ব্রিজ এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, সাধারণ সম্পাদক লিমন খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে মেহেদী হাসান অন্তর বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এ অগ্রযাত্রা ব্যাহত করতে জামায়াত-শিবির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং এ ক্ষেত্রে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave A Reply


Math Captcha
+ 13 = 15