Sunday, November 8

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এ কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে, জ্বালানি ফুরিয়ে গেছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছেন, জ্বালানির কোনো সংকট নেই। তারা বাস্তব ও অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে।” তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলার ক্রমাবনতিও সরকার অস্বীকার করছে।

তিনি দাবি করেন, দেশের স্বার্থে তাদের দল সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল, কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছে না। “বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না, জানা নেই। মাত্র দুই মাসেই এই সরকার ব্যাপক অজনপ্রিয় হয়ে পড়েছে,” বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, তারা দেশে কোনো অস্থিতিশীলতা চান না। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে সম্মান জানাতে গণরায় বাস্তবায়ন করতে হবে। এই দাবিতে আমরা সংসদেও থাকব, রাজপথেও থাকব।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেছে এবং জনগণ নতুন করে কোনো স্বৈরতন্ত্র ফিরে আসতে দেবে না বলে অঙ্গীকার করেছে। সেই লক্ষ্যেই সংস্কার কার্যক্রম শুরু হয় বলে তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি শুরু থেকেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। পরে তারা ঐকমত্য কমিশনে যোগ দিলেও গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত দেয়। সর্বশেষ জনগণের চাপে গণভোটে রাজি হলেও নির্বাচনের পর তা অস্বীকার করছে বলেও দাবি করেন তিনি।

Leave A Reply


Math Captcha
47 − 46 =