Sunday, November 8

মেহেরপুর সদর উপজেলায় বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার আমঝুপি এলাকায় অবস্থিত মোহসিন ট্রেডার্স এজেন্সিতে প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ যাচাই করতে প্রশাসনের পক্ষ থেকে আগে একজন স্টাফকে কৃষক সেজে লাইনে দাঁড় করানো হয়। তিনি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল কিনলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই রাতে শহরের হোটেল বাজার মোড় এলাকায় অবস্থিত আমিনুল ট্রেডার্স এজেন্সিতেও অভিযান চালানো হয়। সেখানে একই ধরনের অনিয়মের প্রমাণ মিললে প্রতিষ্ঠানটিকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও খাইরুল ইসলাম জানান, বেশি দামে ডিজেল বিক্রির সংবাদের ভিত্তিতে গোপনে যাচাই করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
7 + 1 =