Sunday, November 8

শিক্ষামন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্সের আয়োজনে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় নবজাতকের মায়েদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফারাহ তাকমিলা।

অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, ইউএনও গাড়ি থেকে নামার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। পরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এমনকি একজন শিক্ষার্থীকে রাস্তার মাঝে দাঁড়িয়ে স্যালুট দিতেও দেখা যায়।

ওব্যাট হাই স্কুলের ইনচার্জ মো. মনজুর আলম বলেন, অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের উপস্থিত রাখা হয়েছিল। বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল এবং ইউএনও নিজেই এতে অসন্তোষ প্রকাশ করেন।

ইউএনও ফারাহ তাকমিলা বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে তাদের সরিয়ে দিতে বলেন এবং প্রবেশমুখ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে কোনো মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানোর প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।

Leave A Reply


Math Captcha
8 + 1 =