Sunday, November 8

ফেনীতে পেট্রোল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী দুই পক্ষের সংঘর্ষে মো. ফাহিম (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাঈদুল ইসলাম (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফাহিম জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে ফাহিম এক সহপাঠীকে নিয়ে আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। লাইনে দাঁড়ানোর সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর ১০ থেকে ১৫ মিনিট পর সদর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফাহিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।

ফাহিমের বন্ধু সাগর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ফাহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফাহিমের মা কহিনুর বেগম বলেন, তার ছেলে চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং তেল নিতে গিয়ে হামলার শিকার হয়। তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ফাহিম অচেতন ছিলেন এবং কয়েকবার বমি করেছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
− 4 = 5