Sunday, November 8

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবিরকে ‘জুনিয়র রাজাকার’ আখ্যা দিয়ে তাদের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের মতো কর্মকাণ্ড থেকে সরে এসে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের অবস্থান কঠিন হবে বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নেতাদের ‘সিনিয়র রাজাকার’ এবং ছাত্রশিবিরকে ‘জুনিয়র রাজাকার’ উল্লেখ করে দ্রুত তাদের নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, দেশে শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করা হচ্ছে। তবে কিছু গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, একইদিন সকালে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

Leave A Reply


Math Captcha
1 + 9 =