Sunday, November 8

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় আইন অনুযায়ী তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

মনিরা শারমিন জানিয়েছেন, তিনি আইনজীবীর পরামর্শ নিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তাঁর আইনজীবী নাজমুস সাকিব বলেন, প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করা হবে এবং ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন বলেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। আপিলের পর আসনটি শূন্য হলে তা সব দল ও জোটের জন্য উন্মুক্ত করা হবে।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং মনিরা শারমিনেরটি স্থগিত রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার তা বাতিল করা হয়।

মনিরা শারমিন ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে যোগ দেন এবং গত বছরের ডিসেম্বরে চাকরি ছাড়েন। ২০২৫ সালের মার্চে তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার তিন বছর পূর্ণ না হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হন।

এদিকে, একই দিনে সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র জোটের একজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, কোনো দল বা জোটের সমর্থন না থাকায় তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
92 − = 83