ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ইতোমধ্যে যানজট প্রায় চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
বুধবার ভোর ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে গেলে এ পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সিমেন্ট ভর্তি একটি ট্রাক পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ব্যস্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ধীরে ধীরে দীর্ঘ যানজট তৈরি হয়। অনেক যাত্রী বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা সিমেন্টের বস্তা সরানোর কাজ শুরু করেছে। দ্রুত গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

