রাজনৈতিক প্রতিশ্রুতির জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সঠিক অবস্থান ধরে রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন ভবন-এ ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদা আলম মিতু বলেন, তিনি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী হিসেবে সুযোগ পেয়েছেন এবং এজন্য দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান। পাশাপাশি জামায়াতে ইসলামীকে ধন্যবাদ দিয়ে বলেন, “জোট মানে কমিটমেন্ট। দেশের ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার যে প্রতিশ্রুতি ছিল, সেটি তারা ঠিক রেখেছে।”
তিনি আরও বলেন, বড় বড় দল জোট করলেও অনেক সময় প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তবে এ ক্ষেত্রে জামায়াতে ইসলামী ভিন্ন ভূমিকা দেখিয়েছে।
মিতু জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ পরিবারের একজন সদস্য—শহীদ জাবির-এর মা—প্রার্থীদের সঙ্গে রয়েছেন, যা তাদের জন্য গুরুত্বপূর্ণ।
নারীদের সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তারা কাঁধে কাঁধ মিলিয়ে জনকল্যাণমূলক আইন প্রণয়নে ভূমিকা রাখবেন।

