আকস্মিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে তিনি কোন কেন্দ্রে যাবেন—তা গোপন রাখা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কোনো কেন্দ্র নাকি ঢাকার বাইরে কোনো জেলায় তিনি যাবেন—এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। কর্মকর্তাদের ভাষ্য, “মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন, অন্য কাউকে বলেননি।”
এর আগে ২০০১–২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নকলবিরোধী অভিযানে আলোচনায় আসেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র নির্দেশনায় হেলিকপ্টারে বিভিন্ন জেলায় গিয়ে আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতেন।
দ্বিতীয় মেয়াদে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেটিজেনদের কাছে তিনি ‘হেলিকপ্টার মিলন’ নামেও পরিচিত হন। সম্প্রতি তিনি আবারও হেলিকপ্টারে করে আকস্মিক পরিদর্শনের ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। 🚁
এদিকে দেশের ৩,৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছে সারা দেশের ৩০,৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।
প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ড-এর অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

