Sunday, November 8

অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবর্তন করা পুলিশের পোশাক নিয়ে অসন্তোষের কারণে আবারও নতুন রঙের ইউনিফর্ম নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের সদস্যদের ‘বিরূপ মনোভাব’ ও জনমত বিবেচনায় নিয়ে নতুন রঙের পোশাক নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।

প্রস্তাব অনুযায়ী—

  • মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ
  • জেলা ও অন্যান্য পুলিশের শার্টের রং হবে ডিপ ব্লু
  • সব ইউনিটের প্যান্টের রং হবে খাকি

তবে এই পরিবর্তনের বাইরে থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব।

পুলিশ সদর দপ্তরের মতে, বর্তমান ‘লৌহ’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্ট চালুর পর থেকেই সদস্যদের মধ্যে অস্বস্তি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল বা ব্যঙ্গের শিকার হওয়ায় অনেক সদস্য পেশাগতভাবে হীনম্মন্যতায় ভুগছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য সংস্থার ইউনিফর্মের মিল থাকায় সাধারণ মানুষ পুলিশের পরিচয় আলাদা করে বুঝতে পারছিল না।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিক বিভাগের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম জানান, পোশাক পরিবর্তনে সরকারের অতিরিক্ত ব্যয় হবে না। নিয়মিত বাৎসরিক ইউনিফর্ম সরবরাহের সময়ই নতুন রঙ দেওয়া হবে।

এছাড়া অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিধিমালা সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারি হলে মাঠপর্যায়ে দ্রুত নতুন ইউনিফর্ম চালু হবে বলে আশা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
+ 71 = 81