Sunday, November 8

জাপানের উত্তরাঞ্চলে আজ সোমবার ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তথ্য দিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)। সংস্থাটি জানিয়েছে, এর ফলে তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে।

ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ইওয়াতে উপকূল সংলগ্ন প্রশান্ত মহাসাগরে অনুভূত হয়। কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে শত শত কিলোমিটার দূরের টোকিও শহরের উঁচু ভবনগুলোও কেঁপে ওঠে।

ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে। উপকূলীয় অঞ্চল ও নদীতীরের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জেএমএ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সুনামির ঢেউ বারবার আঘাত হানতে পারে। তাই সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত নিরাপদ স্থান না ছাড়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের সম্প্রচারিত ফুটেজে ইওয়াতের কয়েকটি বন্দরে তাৎক্ষণিক বড় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এলাকায় আরও ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় জরুরি ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সরকার এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য যাচাই করছে।

Leave A Reply


Math Captcha
− 8 = 1