Sunday, November 8

সাতক্ষীরা জেলায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টা ও দুপুর ১২টার দিকে পৃথক অভিযানে এ বি খান ফিলিং স্টেশন–কে ২০ হাজার টাকা এবং লস্কর ফিলিং স্টেশন–কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়–এর দৈনিক জ্বালানি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে সকালে মোট ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ ছিল।

সরকারি নির্দেশনার পর জেলা প্রশাসক আফরোজা আখতার ফিলিং স্টেশনগুলোকে মজুদ থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি নতুন করে ডিপো থেকে আনা তেল নির্ধারিত নতুন দামে বিক্রির কথা বলা হয়।

তবে সকাল থেকেই কিছু স্টেশনে বাড়তি দামে তেল বিক্রি শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা বাধা দিলে কিছু সময়ের জন্য বিক্রি বন্ধ রাখা হলেও পরে আবার নতুন দামে বিক্রি শুরু করলে জেলা প্রশাসন অভিযান চালায়।

অভিযানে দুই স্টেশনকে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন জানান, মজুদ তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে স্টেশনগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
3 + 4 =