বরিশালের বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ভোজ্য তেল মজুদ ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের বন্দর বাজার এলাকায় উপজেলা প্রশাসন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাংলাদেশ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্টরা জানান।
অভিযান চলাকালে ব্যবসায়ী মো. ইদ্রিসের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে বিপুল পরিমাণ ভোজ্য তেল সংরক্ষণের চিত্র পাওয়া যায়। ময়লা-আবর্জনার মধ্যে প্রায় ২ হাজার ৬০০ লিটার তেল মজুদের প্রমাণ পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে পরান সাহা স্টোর–এ ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএমএ মুনিব। তিনি জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও ভোক্তাদের ক্ষতি ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অসাধু ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

