বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবি উল্লেখ ছিল। ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তির মুখে সার্জিক্যাল মাস্ক ছিল, কেউ কেউ কালো কাপড়ে মুখ ঢেকে রেখেছিলেন। অনেকের চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। প্রায় ৩০ জন অংশগ্রহণকারী কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়েন এবং এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী কাকুলীর মোড় এলাকায় ঝটিকা মিছিল করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সটকে পড়েন।
হঠাৎ এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। নগরবাসীর মধ্যে এ ধরনের ঝটিকা কর্মসূচি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

