Saturday, April 18

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় প্রধান আসামি ফজলুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুষ্টিয়ার আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সাইদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, প্রধান আসামি ফজলুকে গ্রেপ্তার দেখানোর পর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই সময়ের মধ্যে দ্রুত জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা।

এ ঘটনায় ৫ মার্চ ইবি থানায় বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরে পুলিশ অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানের চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি তিন আসামি এখনো অধরা রয়েছে।

Leave A Reply


Math Captcha
89 − 80 =