ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এই কার্যক্রম শুরু হয়।
এই ডিজেল বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে এসে পৌঁছাবে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, এই চালানে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে প্রায় ৪৫ ঘণ্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সে অনুযায়ী আগামী শনিবার বিকেল ৫টার দিকে ডিজেল পৌঁছানোর কথা রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই। জ্বালানির মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।
এর আগে গত ৭ এপ্রিল মধ্যরাতে নুমালিগড় রিফাইনারি থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালানের পাম্পিং শুরু হয় এবং তা শুক্রবার মধ্যরাতে পার্বতীপুর ডিপোতে পৌঁছে। বর্তমানে ওই ডিজেল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল একই পাইপলাইনের মাধ্যমে দেশে আমদানি করা হয়।

