Saturday, April 18

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে গত ৭২ ঘণ্টায় দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় এক যুবকের পচে ফুলে ওঠা মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার একই এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মহেশপুর থানা-পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহটি রাতিকান্ত জয়ধর (৪৬) নামে এক ব্যক্তির। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংগারহাট এলাকার পোলাটানা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সন্ধ্যায় দুর্গন্ধ টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ইছামতী নদীর পাড়ে যান। সেখানে কচুরিপানায় ঢাকা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। পরে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি বাংলাদেশের প্রায় ১০ গজ অভ্যন্তরে ইছামতী নদীতে কচুরিপানার নিচে ছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে মৃত্যু হয়েছে। পানির নিচে থাকায় মরদেহ পচে ফুলে গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় ইছামতী নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিজিবির একটি টহল দল সীমান্তে টহল দেওয়ার সময় মরদেহটি দেখতে পায়। সেটি সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

Leave A Reply


Math Captcha
68 − = 61